২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষে বিদেশিদের অংশগ্রহণে করোনাভাইরাসের প্রভাব পড়তে পারে: পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণে বিদেশি অতিথিরা সরফসূচি বাতিল না করলেও করোনাভাইরাস শঙ্কা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 05:06 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

এ নিয়ে শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এ ব্যাপারে সরকারের সতর্ক থাকার কথাও বলেন।

“করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথি আগমনে এর প্রভাব পড়বে। সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।”

তবে করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কোন অতিথি এখনও পর্যন্ত সফরসূচি বাতিল করেননি বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মুজিববর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে বিদেশি আর কাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সে বিষয়ে সরকারি কোন স্পষ্ট ভাষ্য পাওয়া যায়নি।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।