২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

বরিশালে পুলিশের এক কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 05:13 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

তার মানিব্যাগে পাওয়া এক মেয়ের ছবি দেখে পুলিশ ধারণা করছে, প্রেম সংক্রান্ত কোনো কারণে এই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয়তলা ব্যারাক ভবনের ছাদ থেকে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত হৃদয় চন্দ্র সাহা (২১) ভোলার বোরহানউদ্দিন উপজেলার সুকণ্ঠ সাহার ছেলে।  দুই বছর তিন মাস আগে তিনি চাকরিতে যোগ দেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা নাইমুল বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় সাহার ডিউটি ছিল ব্যারাক ভবনে।

“সকালের কোনো একসময় তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন।”

সহকর্মীরা খুঁজতে গিয়ে ছাদে তার লাশ দেখতে পান জানিয়ে পুলিশ কর্মকর্তা নাইমুল বলেন, হৃদয় তার বাবা ও ভাইকে দুটি চিঠি লিখে গেছেন। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেছেন। চিঠি দুটি তার পকেট থেকে উদ্ধার হয়েছে।

“এছাড়া একটি মেয়ের ছবি পাওয়া গেছে তার মানিব্যাগে। ধারণা করা হচ্ছে তার আত্মহত্যার পেছনে প্রেম সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে।”