বোনের প্রেমে বাধা গড়াল খুনে
গাজীপুরে ‘বোনের প্রেমে বাধা দিতে গিয়ে’ এক কলেজছাত্রকে খুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের ভূরুলিয়া কলেজের পাশে এ হত্যাকাণ্ডের সময় আরো একজন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত নাঈম সরকার সিটি করপোরেশনের পশ্চিম ভূরুলিয়ার লোকমান সরকারের ছেলে; স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (মিস্ট) এর দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।
আহত মো. মুন্নার বাড়ি মহানগরীর বোর্ডাবাজার এলাকায়; তিনিও ওই প্রতিষ্ঠানের ছাত্র।
স্থানীয়দের উদ্ধৃত করে গাজীপুর সদর থানার এসআই জাহিদুর রহমান বাদল বলেন, ‘মুন্নার সঙ্গে ওই মেয়ের প্রেম ছিল।’
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভুরুলিয়া কলেজের পাশে মুন্না মেয়েটির সঙ্গে গল্প করছিলেন। এ খবর পেয়ে মেয়েটির বড় ভাইয়ের নেতৃত্বে কয়েকজন গিয়ে মুন্নাকে শাসান। এক পর্যায়ে তাদের সঙ্গে বিতণ্ডা বাধলে মুন্না তার বন্ধু নাইমকে ডেকে আনেন বলে জানান তিনি।
“নাইম ঘটনাস্থলে যাওয়ার পরই তারা ধারালো অস্ত্র নিয়ে ইমন ও মুন্নার উপর হামলা চালায়।”
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, এতে গুরুতর আহত নাইম ও মুন্নাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।
এক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় তোলা ঘাতকদের দৌঁড়ে যাওয়ার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
নাইমের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
