হজের জন্য পাসপোর্ট অফিসে সেবাকুঞ্জ
হজযাত্রীদের জন্য পাসপোর্ট অফিসে ‘সেবাকুঞ্জ’ খোলা হচ্ছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ একথা জানিয়েছেন।
ঢাকার পর গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করতে গিয়ে সাকিল আহমেদ বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে।”
তিনি জানান, হজযাত্রীদের একটি কার্ড দেওয়া হবে। কার্ডটি দেখালে যেকোন পাসপোর্ট অফিসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে।
ই-পাসপোর্টের চাইতে এমআরপি পাসপোর্টের ভুল দ্রুত সংশোধন করা যায় উল্লেখ করে হজযাত্রীদের এমআরপি পাসপোর্ট করার পরামর্শ দেন।
আর কোন কারণে পাসপোর্ট পেতে দেরি হলে অভিযোগ জানানোর পরামর্শও দিয়েছেন তিনি।
পাসপোর্ট বিভাগের সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভূয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
