২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাদের একজনের গলাকাটা লাশ মহাসড়কের পাশ থেকে এবং অপরজনের লাশ তুরাগ নদে ভাসমান অবস্থায় পেয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 10:55 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

বুধবার দুপুরে গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কের ৪নং ও ৫নং গেইটের মাঝামাঝি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুব পাশ থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।

এরআগে সকালে টঙ্গীর চন্ডীতলায় প্রত্যাশা মাঠসংলগ্ন তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

Image
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

গাজীপুর সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুরিশ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ উদ্ধার যুবকের বয়স আনুমানিক ৩৮ বছর উল্লেখ করে তিনি জানান, নিহতের গলায় নাইলনের দড়ি পেঁচানো ও গলার অধিকাংশটা কাটা ছিল। নিহতের পরনে নীল রংয়ের জিন্সের প্যান্ট ও কালো রংয়ের উপর সাদা ডোরা কাটা টি-সার্ট ছিল।

“এছাড়াও লাশের কপাল, বাম হাত, বাম পা ও বাম কানসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। এব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তুরাগ নদে ভাসমান লাশ

বুধবার সকালে টঙ্গীর চন্ডীতলায় প্রত্যাশা মাঠসংলগ্ন তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা।

লাশের পরনে নীল রঙের জিন্সপ্যান্ট ও লাল রঙের গেঞ্জি ছিল।

এসআই নজমুল হুদা জানান, সকালে তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“যুবকের লাশটির শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, লাশটি ২/৩ দিনের আগের। তবে তার দেহে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।”