বাগেরহাটে গ্রাহকের টাকা ‘আত্মসাতে’ ব্যাংক কর্মকর্তা কারাগারে
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের মামলায় বাগেরহাটের সোনালী ব্যাংকের এক সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান এ আদেশ দেন।
গ্রেপ্তার শেখ মুজিবর রহমান (৫৮) বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক ছিলেন।
তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের প্রয়াত শেখ হাসান আলীর ছেলে।
দূর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা অবস্থায় শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবু পরস্পর যোগসাজসে ওই ব্যাংকের সাধারণ গ্রাহকদের রাখা এক কোটি এক লাখ ৪৫ হাজার ৬৭৯ টাকা আত্মসাৎ করেন।
“দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পায়।”
মিলন ব্যানার্জী জানান, এই ঘটনায় ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) উপপরিচালক মো. নাজমুল হাসান বাদী হয়ে শেখ মুজিবর রহমান ও শেখ মাহফিজুর রহমান বাবুর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেন।
তিনি জানান, এই মামলার প্রধান আসামি শেখ মুজিবর রহমান উচ্চ আদালতের জামিনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর আসামি শেখ মাহফিজুর রহমান বাবু (৩৭) বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানান মিলন ব্যানার্জী।
মামলার নথি থেকে জানা যায়, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে এর আগে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার অভ্যন্তরীণ অডিট নিরীক্ষাকালে প্রায় সাড়ে চার কোটি টাকা অর্থ আত্মসাতের তথ্য ফাঁস হয়।
এরপর ঘটনা তদন্তে ব্যাংক কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করে। অভ্যন্তরীণ নিরীক্ষায় অর্থ আত্সমাতের সত্যতা মেলায় শেখ মুজিবর রহমান ও শেখ মাহফিজুর রহমান বাবুকে ২০১৫ সালের ডিসেম্বরে ব্যাংক কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে।
এর মধ্যে শেখ মাহফিজুর রহমান বাবু ৩৫ লাখ টাকা ফেরতও দিয়েছেন।
ব্যাংকের ওই চার কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর সোনালী ব্যাঙ্কে নতুন যোগদান করা ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে শেখ মাহফিজুর রহমানের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলাটিও বর্তমানে দুদক তদন্ত করছে।
