২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে নিটার: নওফেল

বস্ত্র শিল্পে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে শিল্পখাতে চতুর্থ শিল্প বিপ্লবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 07:09 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

রোববার ঢাকার আশুলিয়ার নয়ারহাটে নিটারের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহের দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দক্ষ জনশক্তি আগামী শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন উল্লেখ করে এতে সরকারের বিনিয়োগ করা উচিত বলে তিনি মনে করেন।

মুজিববর্ষের প্রাক্কালে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন উল্লেখ করে উপমন্ত্রী বলেন, যদি জাতির জনকের জন্ম না হতো, তাহলে আজ এদেশের জন্ম হতো না, নিটারও থাকত না। টেক্সটাইল পড়াশুনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও থাকত না। টেক্সটাইল শিল্প তো দূরের কথা এখানে বাসযোগ্য কোনো জনপদও থাকত না।

“তাই মুজিব বর্ষের অঙ্গীকার করতে হবে-দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব।”

নিজেকে কর্ম উপযোগী করার জন্য নির্দিষ্ট পড়াশুনার বাইরে অন্য যেকোনো দক্ষতামূলক পড়াশুনারও কোনো বিকল্প নেই বলে তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন।

বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়া দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয় উল্লেখ করে নিটারকে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

নিটারের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিটারের গভর্নিং বডির সভাপতি ও বিটিএমএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

অনুষ্ঠানে উপমন্ত্রী নতুন চালু হওয়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ ইন টেক্সটাইল এন্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্সের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।