২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক ছাত্রলীগ নেতাসহ দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2020, 02:35 PM

Updated : 18 Aug 2022, 02:33 PM

গোসাইরহাট থানার ওসি মোল্যা সোহেব আলী জানান, উপজেলার কোদালপুর ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজের উত্তর পাশে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোসাইরহাট সামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিবল মাহমুদ রাজ (২৩) ও একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কোদালপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২০)।

রাজ গোসাবারহাট উপজেলা কোদালপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মো. বাচ্চু খানের ছেলে এবং সাইফুল একই উপজেলার কোদালপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের সায়েদ হোসেন বেপারী ছেলে।

এ ঘটনায় তাদের সহপাঠী সিয়াম সরদার (২০) আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

ওসি বলেন, তিন বন্ধু একটি মোটর সাইকেলে করে কুচাইপট্টি ঘুরতে যায়।সেখান থেকে ফেরার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইক্ষ্যা ব্রিজের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই আহত হন।

“স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ ও সাইফুল মারা যান।”

এ ঘটনায় গোসাইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।