শাহজাদপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তাদের এক সহপাঠী আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার পুরান তেতরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ (১৪) ও একই গ্রামের জহুরুল হকের ছেলে সুমন (১৪)। এরা দুজনেই তালগাছি এস এ মডেল স্কুলর নবম শ্রেণির ছাত্র।
শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, তিন স্কুলছাত্র মোটরসাইকেলযোগে তালগাছি বাজার থেকে উপজেলা সদরে আসছিল। দুর্গাদহ এলাকায় পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
ওনি বলেন, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা যায়; আহত হয় অপর দুইজন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যায় সুমনের মূত্যু হয়।
