২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক-জঙ্গি দূরীকরণে আলেমদের সহায়তা চাইলেন র‌্যাব ডিজি

মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত দেশ গড়তে আলেম-ওলামাদের সহায়তা চেয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 12:15 AM

Updated : 10 Oct 2022, 06:58 PM

মঙ্গলবার ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ শ্লোগানে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা উদ্বোধন এবং আলেম-ওলামাদের সমাবেশে র‌্যাব ডিজি এই আহবান জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, “আলেম-ওলামা হুজুররা মসজিদের ইমাম। আমরা তাদের পিছনে নামাজ পড়ি, মাদ্রাসায় তাদের নিকট লেখাপড়া শিখি; সমাজের নানা সমস্যা নিয়ে পরামর্শের জন্য তাদের কাছে যাই। তারা সামাজিক নেতা।

“এজন্য জঙ্গি সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে তাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।”

বগুড়া পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সমাবেশে র‌্যাবের ডিজি আরও বলেন, আন্তর্জাতিক চক্রান্তগোষ্ঠী কোরআন ও হাসিদের অপ্রব্যাখ্যা করে পৃথিবী থেকে ইসলাম ধর্ম নিশ্চিহৃ করতে চেষ্টা করে যাচ্ছে। তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দিচ্ছে। অন্য ধর্মের মানুষদের উপর হামলা করার জন্য উস্কানি দিচ্ছে। এতে করে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি একে এম হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনর্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, জামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হক হক্কানী, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক।

সঞ্চালন করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

সমাবেশের আগে বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ আয়োজিত ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ শীর্ষক শ্লোগানে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধন করেন র‌্যাবের ডিজি।

সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেন্টাল স্কুলে গিয়ে শেষ হয়।