ধামরাইয়ে বাসের ধাক্কায় অটো আরোহী নারী নিহত, বাসচালক আটক
ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারী নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।
কালামপুর-সাটুরিয়া সড়কের মহিষাসী বাজার এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই আবু সাঈদ জানান।
নিহত জহুরা বেগম (৩২) ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী।
আহতরা হলেন- কুলসুম বেগম (৩৮), লাবণী আক্তার (১৪), ফরিদ (২২), আমির হোসেন (৪০) ও মোজাফ্ফর হোসেন (৫০)।
এসআই বলেন, অটোরিকশাটি ধামরাইয়ের মহিষাসী থেকে কালামপুরের যাচ্ছিল। পথে
ঢাকাগামী ‘এসবি লিংকের’ একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন।”
পরে বাসসহ চালককে আটক করা হয় বলে জানান এসআই।
