গাজীপুরে তরুণীকে ‘শ্বাসরোধে হত্যা’, মা ও স্বামী গ্রেপ্তার
গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার মা ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের মোগরখাল এলাকায় সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান।
নিহত নীলা খাতুন (২০) শেরপুরের শ্রীবর্দী থানার চরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে নয়ন মিয়ার (৩১ )স্ত্রী। তার বাবার বাড়ি পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ি গ্রামে।
নীলা স্বামীর সঙ্গে গাজীপুরের মোগরখাল এলাকায় মো. কবির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি বলেন, এক বছর আগে নয়নের সঙ্গে নীলার বিয়ে হয়। নীলা নয়নের দ্বিতীয় স্ত্রী। কয়েক মাস আগে নয়ন মোগরখাল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। আর নীলার মা রত্না বেগম (৩৫) পাশের চান্দনা এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন।
“সম্প্রতি স্ত্রী নীলার পরকীয়া সম্পর্কের জেরে তার দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এ নিয়ে নয়ন স্ত্রীর বিরুদ্ধে শাশুড়ির কাছে অভিযোগ করেন।এ বিষয়ে আলোচনা করতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রত্না কারখানা থেকে বেরিয়ে মেয়ের বাসায় যান।”
ওসি বলেন, “এ সময় নয়নের সামনে মেয়ের সঙ্গে রত্নার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রত্না মেয়ের গলায় থাকা ওড়না টেনে ধরলে শ্বাস বন্ধ হয়ে নীলা মাটিতে পড়ে যায়।
“তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরে রাতেই পুলিশ রত্না ও নয়নকে গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
