২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরও ইয়াবা কারবারির আত্মসমর্পণের প্রস্তুতি

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় আরও অন্তত ২০ জন তালিকাভূক্ত ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ীর আত্মসমর্পণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 10:36 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

পুরনো খবর:

১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ

সোমবার টেকনাফ সরকারি কলেজ ক্যাম্পাসে আত্মসমর্পণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানিয়েছেন।

এর আগে গত বছর ১৬ ফেব্রুয়ারি টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণ করেছিল তালিকাভূক্ত ও চিহ্নিত ১০২ জন ইয়াবা কারবারি।

তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আপন ভাইসহ আটজনের বেশি নিকটাত্মীয় ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল বলেন, ইতিমধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণে ইচ্ছুক ২০ থেকে ২৫ জন তালিকাভূক্ত ও চিহ্নিত ইয়াবা কারবারি এবং হুন্ডি ব্যবসায়ী কক্সবাজার পুলিশ লাইনের নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাদের কাছ থেকে পুলিশ নানা ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এখনও তথ্য-উপাত্ত সংগ্রহের কাছ চলছে।

“আত্মসমর্পণ অনুষ্ঠানের আগে ইয়াবা কারবারিদের মধ্যে যে কেউ স্বেচ্ছায় ইচ্ছে প্রকাশ করলে তাদের নাম তালিকাভূক্ত করা হবে। এ কারণে আত্মসমর্পণকারীর সংখ্য আরও বাড়তে পারে।”

ইকবাল বলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানকে ঘিরে টেকনাফ সরকারি কলেজ ক্যাম্পাসে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছে। এসব কাজ তদারকি করছে টেকনাফ থানা পুলিশ। প্যান্ডেল ও মঞ্চ তৈরিসহ আত্মসমর্পণ অনুষ্ঠানের আনুষঙ্গিক অন্যান্য কাজও প্রায় শেষ পর্যায়ে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণে ইচ্ছুক ইয়াবা ও হুন্ডি কারবারিদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা, অস্ত্র ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠান শেষে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।