২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা মান্নান এখনও ভাতা পাচ্ছেন না

অভাবের সংসার চালাতে দিনমজুরি, মাটিকাটাসহ নানা কায়িক শ্রমের কাজ করে জীবন সায়াহ্নে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এখনও জানেন না কখনও তার সম্মানী ভাতা পাবেন কি না।

আসাদুজ্জামান সুমন

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 11:47 AM

Updated : 10 Oct 2022, 06:56 PM

‘এলএমজি ম্যান’ খ্যাত মুক্তিযোদ্ধা ঢাকার নবাবগঞ্জের সন্তান মান্নান স্বাধীনতা যুদ্ধের পর একটি পাটকলে কাজ করার সময় মুক্তিযুদ্ধের সব কাগজপত্র হারিয়েছিলেন। পরে আবার সেসব যোগাড় করে দীর্ঘদিন পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম তোলেন। আড়াই বছর আগে সম্মানী ভাতার আবেদন করেন। কিন্তু এখনও তাকে ভাতা দেওয়া হচ্ছে না। 

এখন বয়স প্রায় ৮০ বছর। দুবার স্ট্রোক হওয়ার পর শয্যাশায়ী। মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেয়ে যেতে পারলে আর্থিক সংকটে স্বস্তির মধ্যে সম্মানিতও বোধ করতেন।

নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুরের মৃত সুমন ভূঁইয়ার পাঁচ ছেলেমেয়ের মধ্যে আব্দুল মান্নান দ্বিতীয়।

মুক্তিযুদ্ধে খুলনার খালিশপুরের ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন।

সাদাপুরে নিজ বাড়িতে তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

মান্নান বলেন, “এ পর্যন্ত দুইবার স্ট্রোক হয়েছে আমার। তারপরও মহান আল্লাহতায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন শুধু আমার একটাই চাওয়া- মৃত্যুর আগে সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধাসহ সম্মানী ভাতা পাওয়া। তাহলে মারা গিয়েও শান্তি পাব।”

বয়স ও অসুস্থতার ভারে ক্লান্ত আব্দুল মান্নান নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য। ২০১৭ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের খসড়া ভোটার তালিকায় ক্রমিক নম্বর ৪৩। ভারতীয় তালিকায় গেজেট নম্বর ৫৩৯।

উপজেলা কমান্ডের সদস্য করা হলেও এখনও কোনো নির্বাচনে ভোট দিতে পারেন না তিনি।

এ বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, উপজেলা কমান্ড নির্বাচনে ভোটার তালিকায় তার নাম থাকলেও কখন নির্বাচন আসে আর কীভাবে শেষ হয় সে বিষয়ে তাকে কেউ কখনও জানায় না। প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসে উপজেলা থেকে একটি মুক্তিযোদ্ধার গেঞ্জি, টুপি ও খাবার ছাড়া তার কপালে আর কোনো কিছু জোটে না।

আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭১ সালে খুলনার খালিশপুরের স্টার জুট মিলে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন। সেসময়ে তার বয়স ছিল ৩০ এর মতো।

“মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার লক্ষ্যে ট্রেনিং করতে খুলনার তেরমাদা থেকে আওয়ামী লীগের সনদ নিয়ে আমরা কয়েকজন খুলনা থেকে ভারতের কলকাতা বশিরহাট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেই।

“পথে পাকিস্তানি মিলিটারিদের কাছে আমরা ধরা পড়লে তারা আমাদের মেরে ফেলার উদ্দেশ্যে দুই হাত ও চোখ বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে যখন ফায়ার করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই একজন এসে বলে- ‘ফায়ার মাত করো’। পরে ওই ব্যক্তি আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সে পথে যেতে বারণ করে ভিন্ন পথে যেতে পরামর্শ দিলে আমরা প্রাণে বেঁচে যাই।”

কথা বলতে বলতে এক সময় চোখ ভিজে আসে বৃদ্ধ মান্নানের।

তিনি বলেন, প্রাণে বাঁচার পর ভিন্ন পথ দিয়ে তারা কলকাতায় বশিরহাট ক্যাম্পে পৌঁছেন। সেখানে ক্যাম্প কমান্ডার আবু সুফিয়ানের অধীনে ৬/৭ দিন থাকার পর উচ্চতর ট্রেনিংয়ের জন্য তাদের কয়েকজনকে নিয়ে যাওয়া হয় চাকুলিয়া ক্যাম্পে। এ ক্যাম্পের সেক্টর কমান্ডার মেজর জলিলের অধীনে ২৮ দিন ট্রেনিং নিয়ে প্রথম সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি।

“আমি খুলনার খালিশপুরের ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর উইংসের ৪ নম্বর প্লাটুনের কমান্ডার সাফিউল্লাহ ও ট্রেনিং কমান্ডার মায়েন্দার শিখের সঙ্গে যুদ্ধ করেছি। আমি এলএমজি গান চালাতে পারদর্শী ছিলাম বলে গ্রুপের সবাই আমাকে এলএমজিম্যান বলে ডাকত।”

তিনি বলেন, যুদ্ধের পর খুলনার রুপসা হেড কোয়ার্টারে অস্ত্র জমা দিয়ে খুলনার চরেরহাট নেভিক্যাম্প দেখাশোনা করার জন্য সেখানে সাতদিন থেকে দুইটি রাইফেল নিয়ে ঢাকার নবাবগঞ্জের সাদাপুর বাড়িতে চলে আসেন। পরে নবাবগঞ্জের কলাকোপা ক্যাম্পে রাইফের দুটি জমা দেন।

নবাবগঞ্জে কয়েকদিন থাকার পর জানতে পারেন তার পুরনো কর্মস্থল খুলনার স্টার জুট মিল চালু হয়েছে। তারপর সেখানে গিয়ে পুনরায় আবার কাজ শুরু করেন।

এরপর এরশাদ সরকারের আমলে তাকে কাজ থেকে ছাঁটাই করা হলে আবার নবাবগঞ্জে চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

“চাকরি হারিয়ে অভাব অনটনের সংসার চালাতে নানা কাজ করেছি। পইরত দেওয়ার কাজ, মাটি ও লাকড়ি কাটার কাজ, রাজমিস্ত্রী ও দিনমজুরের কাজসহ নানা কষ্টের কাজ করতে হয়েছে আমাকে।”

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিন মেয়ে ও এক ছেলের জনক মান্নান বলেন, “জীবন সংগ্রামে যুদ্ধ করতে করতে বয়সের ভারে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছি। তিন মেয়েকে বিয়ে দিয়েছি। একমাত্র ছেলেকে বিয়ে করিয়ে এখন ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকি আমি ও আমার স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে ছেলেই সংসার চালায়। এমনিতেই সংসারে মেলা খরচ। তার উপর আবার চিকিৎসা ও ওষুধের খরচ। সব খরচ যোগাতে আমার ছেলেকে অনেক বেগ পোহাতে হয়।”

“যুদ্ধে যাবার পর আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল। তার চোখ আর ঠিক হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর অন্ধ অবস্থায় মা মারা যান। তার কিছুদিন পর বাবাও চলে যান।”

মান্নান জানান, মুক্তিযুদ্ধের সব কাগজপত্র একটি ব্যাগে রেখেছিলেন। কিন্তু যুদ্ধের পর মিলে কাজ করা অবস্থায় সেই ব্যাগ হারিয়ে গেলে মুক্তিযুদ্ধের সব কাগজপত্রও হারান।

“পরে মুক্তিযোদ্ধারা সরকারি ভাতাসহ নানা সুযোগ সুবিধা পাচ্ছেন দেখে গত পাঁচ বছর ধরে আমি গ্যাজেটভুক্ত হওয়ার চেষ্টা করছি। এজন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র আমাকে অনেক কষ্ট করে উত্তোলন করতে হয়েছে।”

তিনি জানান, এরপর তিনি ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রামাণ্য তালিকার ৩ নম্বর খণ্ডে ৫৩৯ ক্রমিকে তার নাম পান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় ১ নম্বর হতে ৫৩৯ নম্বর ক্রমিকে তার নাম পান।

আব্দুল মান্নান বলেন, ২০১৬ সালের ২২ নভেম্বর তিনি মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির আবেদন ফরম (ক) পূরণ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব বরাবর আবেদন করেন। এরপর সর্বশেষ গেজেটে তার নাম এলে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা মঞ্জুরির জন্য আবেদন করেন ২০১৭ সালের ২৭ অগাস্ট।  

তার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে কিনা তিনি জানেন না বলে জানান। 

নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে সর্বশেষ মোট ৬০ জন মুক্তিযোদ্ধার ভাতা চালুর বিল পাশ করানো হয়েছে। তার মধ্যে আঠারো জন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী রয়েছেন।

“এছাড়া মান্নান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার ভাতা চালু না হওয়ার পেছনে সামান্য একটু সমস্যা রয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার ভাতা চালু হবে।”