২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর চিনিকলের ইউরিয়া নিয়ে চাষিরা বিপাকে

ফরিদপুর চিনিকলের ইউরিয়া সার নিয়ে আখ চাষিরা বিপাকে পড়েছেন। চাষিদের অভিযোগ, চিনিকল কর্তৃপক্ষের সরবরাহ করা ইউরিয়া সার জমাটবদ্ধ; মানও নষ্ট হয়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 04:58 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, আখ চাষের জন্য তাদের ঋণ হিসেবে ইউরিয়া সার দেওয়া হয়। কিন্তু বস্তাভর্তি সার বাড়ি নিয়ে খোলার পর দেখা গেছে, সার জমে বড় বড় পাথরের মত হয়ে গেছে।

“পাথর হয়ে যাওয়া, কালচে ময়লাযুক্ত এই সার জমিতে একেবারেই ব্যবহারের অনুপযোগী। কিন্তু আমরা বলার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে আখ উৎপাদন কমে যাবে। চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।”

মেসেরদিয়া এলাকার চাষি মীর আব্দুর রহমান বলেন, “চিনিকলে ফেরত দিতে গেলে এই সার তারা ফেরত নেয়নি। বরং হুমকি দিয়ে বলেছে, নিলে নাও না নিলে ফেলে দাও। তোমাদের মত চাষি না থাকলেও কিছু হবে না।”

কুদ্দুস খান নামে একজন চাষি অভিযোগ করেন, “এই সার তারা আমাদের বিনা মূল্যে দেয়নি। সারের টাকা সুদের টাকাসহ ফেরত দিতে হবে। কিন্তু আমরা এই সার না দিতে পেরে বাজার থেকে গাঁটের টাকায় সার কিনে জমিতে দিয়েছি।

“এখন সার কেনার জন্য অতিরিক্ত টাকার পাশাপাশি এই সারের ঋণের টাকাও আমাদের সুদে-আসলে পরিশোধ করতে হবে।”

অভিযোগ সম্পর্কে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারী বলেন, “সার জমাটবদ্ধ হলেও গুণগত মান ঠিক রয়েছে। এবারের মৌসুমে যে সার আখচাষিদের দেওয়া হয়েছে তার মধ্যে একটি অংশ পুরনো ছিল। সেই সার জমাট বেঁধে গেছে। কিন্তু গুণগত মান নষ্ট হয়নি। সার সঠিক নিয়মে ছিটালে ফলন নিয়ে কোনো সংশয় থাকবে না “

চলতি মৌসুমে ১০ হাজার একর জমিতে প্রায় এক লাখ মেট্রিকটন আখ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে বলে তিনি জানান।

সারের মান সম্পর্কে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, “জমাট বাঁধা এই সারে নাইট্রোজেনের পরিমাণ ঠিক আছে। তবে সমস্যা হয়েছে অক্সিজেনের। তাই এই সার সব ফসলে দেওয়া যাবে না। আখে দেওয়া যাবে।”