২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে এনজিওর টাকা ছিনিয়ে ৪ যুবকের দণ্ড

খাগড়াছড়িতে বেসরকারি সংস্থা (এনজিও) আশার কর্মীদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার দায়ে চার যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2020, 06:02 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায়ে একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।

আসামিরা হলেন-জেলা সদরের কুমিল্লাটিলা এলাকার আবু আহম্মদের ছেলে মো. সাইফুল (২৫), মো. আকবার আলী সিকদারের ছেলে মো. মিজানুর রহমান (২৮), পানছড়ি উপজেলার ছনটিলা এলাকার মকবুল হোসেনের ছেলে মহিউদ্দিন (২৪) এবং একই এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. সুমন (২৩)।

খাগড়াছড়ি জজকোর্টের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিধান কানুনগো জানান, ২০১৭ সালের  ১৭ ডিসেম্বর জেলা শহরের কুমিল্লাটিলায় বেসরকারি সংস্থা আশার মাঠকর্মীরা দায়িত্ব পালন করছিলেন। তাদের কাছে ঋণের টাকা রয়েছে জেনে ওই চার যুবক মাঠকর্মীদের ওপর হামলা চালায়। তাদেরকে বেদম মারধর করে দুই লাখ ১০ হাজার ৬২ টাকা নিয়ে ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর ওই দিনই আশার জেলা ব্যবস্থাপক রাসেল উদ্দিন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় দস্যুতার একটি মামলা করেন। মামলার প্রায় তিন মাস পর ২০১৮ সালের ৭ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যেই আসামিরা পুলিশের হাতে আটক হয়।

তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়। এ সময় আসামিদের উপস্থিতি ছিলেন।