২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না অঞ্জুর 

বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে দুই বাসের চাপায় পড়ে নিহত হয়েছেন ষাটোর্ধ্ব অঞ্জু রানী দাস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2020, 07:26 PM

Updated : 18 Aug 2022, 02:19 PM

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় সোমবার বিকালে এই দূর্ঘটনা ঘটে।

নিহত অঞ্জু রানী দাস (৬২) কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের স্ত্রী।

কালীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, অঞ্জু রানী স্থানীয় কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাসায় ফিরছিলেন। কালীগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে একটি দাঁড়িয়ে থাকা কেটিএল পরিবহনের বাসের পাশ দিয়ে ডাওয়ার সময় একই পরিবহনের আরেকটি বাস তাকে চাপা দেয়।

মশিউর বলেন, স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই অঞ্জু রানী দাসের মৃত্যু হয়েছে।   

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাপা দেওয়া ওই কেটিএল বাসটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। দুই বাসের চালক ও সহকারীরা পালিয়েছে। এ ঘটনায় প্রচললিত আইনে থানায় মামলা হবে।