২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় ১৪ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে প্রথম দফায় বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে এবার ১৪ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 11:38 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

বৃহস্পতিবার সকাল থেকে রোববার আখেরি মোনাজাত পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপ- কমিশনার মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

গাজীপুর মহানগর পুলিশের উপ- কমিশনার মো. মনজুর রহমান জানান, আখেরি মোনাজাতের দিন সকালে বার্ধক্যজনিত কারণে শেরপুর সদরের আব্দুল গফুরের ছেলে আব্দুল কাইয়ুমের (৬৫) মৃত্যু হয়েছে।

বাদ জোহর নাজাজা নামাজ শেষে গ্রামের বাড়িতে তার লাশ পাঠানো হয়েছে।

শনিবার চারজনের মৃত্যু হয়েছে।

উপ- কমিশনার মনজুর জানান, শনিবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাতে কক্সবাজারের টেকনাফের সাব্রাম এলাকার আলী আহমদ (৬০), নেত্রকোনার পূর্বধলার বিলজুরা গ্রামের আব্দুর রহিমের ছেলে মাজহারুল ইসলাম (১৬) এবং জয়পুরহাটের পাঁচবিবির আব্দুল মোমিনের (৫৫) মৃত্যু হয়।

শুক্রবার বিভিন্ন জেলার ছয়জনের মৃত্যু হয়েছে।

ওইদিন সকালে নওগাঁর মো. শহিদুল ইসলাম (৫০) ও সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার বনকির গ্রামের রহিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের (৫০) মৃত্যু হয়।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ডিমলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. শাহজাহান (৬০), বরিশালের গৌরনদীর খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গণির ছেলে ইউসুফ আলী মেম্বারের (৪৫) মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমা শুরুর আগেরদিন মৃত্যু হয় তিনজনের।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটগ্রামের আমির শেখের ছেলে খোকা মিয়া (৬০) বৃহস্পতিবার রাত ৯টার দিকে এবং একই দিন মধ্যরাতে চট্টগ্রামের পটিয়ার খৈগ্রামের মোহাম্মদ আলীর (৭০) মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদারের (৬৫) মৃত্যু হয়।