আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর পথে মানুষের ঢল
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তীব্র শীত আর কুয়াশার মধ্যেই মানুষের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে।
ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মো. মেজবাহ উদ্দিন বলেন, সব ঠিক থাকলে রোববার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশে তাবলীগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়নের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। পুরো ইজতেমা মাঠকে ৮৭ খিত্তায় ভাগ করে প্রথম দফায় ইজতেমায় আসা ৬৪ জেলার মানুষের থাকার ব্যবস্থা হয়।
ইজতেমার শেষ দিন রোববার সকালে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে ভারতের মাওলানা ইবরাহিম দেওলা করবেন বিশেষ বয়ান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার এ পর্বের সমাপ্তি ঘটবে।
ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন ভবনের ছাদে, সড়কের পাশে খালি জায়গায় অবস্থান নিয়েছে বহু মানুষ।
বরাবরের মতই ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনই পাঁচ মিনিট যাত্রাবিরতি করবে টঙ্গী রেলওয়ে জংশনে।
