আখেরি মোনাজাত ‘বেলা ১১টায়’
বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের আখেরি মোনাজাত রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. মেজবাহ উদ্দিন বলেন, সব ঠিকঠাক থাকলে রোববার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে মেজবাহ উদ্দিন জানান।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) থোয়াই অং প্রু মারমা জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত।
“এ উপলক্ষ্যে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।”
অরও ৫ জনের মৃত্যু
পুলিশ ক্যাম্পে মিডিয়ায় দায়িত্ব পালনরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় আসা আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হওয়াসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন বলে জানা গেছে।
ফজরের নামাজের পর তাদের দুইজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
এদের মধ্যে শুক্রবার বিকালে রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর এলাকার আব্দুর রাজ্জাক (৬৭), রাতে কুমিল্লার দেবিদ্বারের ডিমলার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বড়তোল্লার মো. শাহজাহানের (৬০) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বরিশালের গৌরনদীর খালিজপুরের আলী আজগর (৭০) ও নারয়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগানের মো. ইউসুফ আলী মেম্বারের (৪৫) মৃত্যু হয়েছে।
মনজুর রহমান জানান, এ নিয়ে এবারের ইজতেমায় নয়জনের মৃত্যু হয়েছে। এর আগে চারজনের মৃত্যু হয়।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, আগত সহস্রাধিক বিদেশিকে অভ্যর্থনা জানাতে কাজ করছে সিটি করপোরেশন। তাদের আরামদায়ক অবস্থান ও চাহিদা অনুযায়ী মেহমানদারি করা হচ্ছে। বিদেশি নিবাসে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেজন্য সব সময় ইজতেমার মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. মাহফুজ জানান, বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মূসল্লির অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি।
প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।
৯৬টি যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর ৯৬ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য হাজী রেজাউল করিম বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন; আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়।
বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জোবায়ের ওই বিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন বলে জানান রেজাউল।
তিনি আরও বলেন, এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমার মঞ্চে এ ধরনের যৌতুকবিহীন বিয়ে পড়ানো বন্ধ ছিল।
