ইজতেমায় পানির সমস্যা
ইজতেমা ময়দানে শুক্রবার সকাল থেকে ওজু ও গোছলের পানির সংকট দেখা দিয়েছে।
পানির অভাবে অনেকে কামারপাড়া সড়কের পাশে পুলিশ কন্ট্রোল রুমের সামনে ময়লা পানির জলাশয়ে ওজু-গোসল সেরেছেন।
ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে আসা শাহাবুদ্দিন বলেন, “শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকেই পানি সংকট দেখা দিয়েছে। মাঠের উত্তরের হাউসগুলোতে পর্যাপ্ত পানি নেই। অল্প যা পাওয়া যাচ্ছে তাতে ময়লা ভাসছে। এতে খুব সমস্যা হচ্ছে।”
ইজতেমায় আগত বিদেশিদের খাবার রান্নার দায়িত্বরত মো. নুরল ইসলাম বলেন, “শুক্রবার ভোর থেকেই সেখানে পানি কমে গেছে। পানির জন্য রান্না-বান্নার কাজে সমস্যা হচ্ছে।”
সিটি করপোরেশনের পাম্প হাইজ-১-এর অপারেটর মো. আব্দুল বাছির বলেন, “পাম্পে পানির প্রেসার কম থাকায় হাউসগুলোতে পর্যাপ্ত পানি সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাংবাদিকদের বলেন, “এ সংকট নিরসনের চেষ্টা চলছে।”
