২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দালালের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারিত নারী

দেশের নানা স্থানের মতো ফরিদপুরেরও বেশ কয়েকজন নারী দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

শেখ মফিজুর রহমান শিপন

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 10:36 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

এদের কেউ কেউ নিঃস্ব হয়ে দেশে ফিরে আসতে পারেন; কেউ কেউ বিদেশে দুঃসহ জীবনযাপন করতে বাধ্য হন।   

ক্ষতিগ্রস্ত অনেকেই কাগজপত্র সংরক্ষণ না করায় আইনি সহায়তা পান না। কোনো কোনো ক্ষেত্রে মামলা হলেও তা সংখ্যায় খুবই কম।

ফরিদপুরে কর্মরত একটি বেসরকারি সংস্থা  ফরিদপুরের দুইটি উপজেলার ২৫ জন নারীর প্রতারিত হওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে। 

সরকারিভাবে বিষয়টি এভাবে না বললেও প্রতারিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।

ফরিদপুর জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালের মাধ্যমে বিদেশে যাওয়া নারীদের ৭ থেকে ১০ শতাংশই প্রতারণার শিকার হন। তাদের বেশিরভাগই আত্মীয়-স্বজনদের মাধ্যমে দালাল ধরে বিদেশে গেছেন।

“অপ্রশিক্ষিত নারীরাই বিদেশে গিয়ে কাজ করতে সমস্যায় পড়েন। অনেক সময় দেশেও ফেরত আসতে হয়। এজেন্সিগুলো জালের মতো দালালদের ছড়িয়ে দিয়েছে। প্রতারণা বন্ধে দালালদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আইডি কার্ড দিতে এজেন্সিগুলোকে বাধ্য করতে হবে।”

ফরিদপুর জেলা জনশক্তি ও কর্মস্থান অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে কাজের জন্য এ জেলার ১০ হাজার ৬৬০ জন নারী ও পুষ শ্রমিক সরকারিভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গিয়েছেন; যাদের অধিকাংশই গৃহশ্রমিক।

দালালের প্রতারণার ফাঁদে পড়েছেন ভাঙ্গা উপজেলার স্বামী পরিত্যক্তা দুই সন্তানের মা এক নারী। তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

এই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশে গিয়ে নির্যাতনের স্বীকার হতে হয়েছে। সেখানে ঠিকমতো খাবারও পাননি। তাদের কথা না শুনলে শারীরিক নির্যাতন করা হতো।

একইভাবে প্রতারণার শিকার হয়েছেন সদরপুর উপজেলার ভাষানচরের ১৬ বছর বয়সী এক মেয়ে। বিদেশে নিয়ে দালালরা তাকে যৌন ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে বলে মেয়েটির বাবা জানান।    

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মীয়ের প্ররোচনায় এক মেয়েকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পাশের গ্রামের আদম ব্যবসায়ী আরিফ ফকিরের কাছে গেলে তিনি ৭০ হাজার টাকার বিনিময়ে ১৫ হাজার টাকা বেতনে তার মেয়েকে জর্ডানে গৃহকর্মীর কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, এরপর গত বছরের ১৫ জুন তার মেয়েকে জর্ডানে পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় আরিফ। দেড় মাস পর তার মেয়ে পরিবারকে ফোনে জানায়- দালালরা তাকে যৌন ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে। সে কষ্টে আছে বলে জানায়।

এরপর মেয়েকে ফিরে পেতে তিনি আরিফ ফকিরের বিরুদ্ধে মানবপাচার আইনে সদরপুর থানায় মামলা করেন বলে জানান।

মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত পেতে তিনি সরকারের সহায়তারও আবেদন জানিয়েছেন।

ফরিদপুরের নারী উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থা ‘বেনিফিসিয়ারি ফ্রেন্ডশিপ ফোরাম’ জানিয়েছে, গত ছয় মাসে ভাঙ্গা ও সদরপুর উপজেলায় তারা ২৫ জন নারীর সঙ্গে প্রতারণার তথ্য পেয়েছেন; যাদের সবাই দালালের মাধ্যমে বিদেশে গিয়েছিলেন।

ফরিদপুর বেনিফিসিয়ারি ফ্রেন্ডশিপ ফোরাম নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাবির বলেন, দালালদের মাধ্যমে যাওয়া নারীরা ওই দেশের ভাষা-সংস্কৃতি না জানায় বিপদে পড়ছে। সঠিক কাজ পায় না, মানসিক ও শারীরিক নির্যাতনের স্বীকার হচ্ছে।

প্রতারিত নারীদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে সচেতনতার অভাব থাকায় তাদের আইনি সহায়তা দেওয়া কঠিন হয় বলে জানান বেসরকারি সংস্থা ব্লাস্টের কর্মকর্তারা।

ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিদেশে গেলে ওই ধরনের সমস্যায় পড়তে হয় না, এতে প্রতারণার আশঙ্কা কম।

“প্রতারণার পর অধিকাংশ নারীই সঠিক তথ্য ও কাগজপত্র দেখাতে পারেন না। যে কারণে দালালদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া অনেক কঠিন হয়।”

প্রতারণা থেকে বাঁচতে বিদেশে যেতে আগ্রহীদের দালালদের কাছে না গিয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখাসহ কাজের প্রশিক্ষণ নিয়ে সরকারি সংস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মাধ্যমে যাওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।