২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহপাঠীদের হামলায় গুরুতর’ আহত স্কুলছাত্র

গাজীপুরে সহপাঠীদের সঙ্গে ‘আড্ডা না দেওয়ায়’ এক স্কুলছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 09:28 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

গাজীপুর নগরের মধ্য ছায়াবিথী এলাকায় মঙ্গলবার অনুপম কর নিপনের (১৫) উপর হামলা হয়। 

তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুপম গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র এবং নগরের মধ্য ছায়াবিথী এলাকার নিখিল কর লিটনের ছেলে। নিপন ওই স্কুলের ফুটবল দলের সদস্য।  

আহতের বাবা লিটন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের খাওয়াদাওয়া শেষে ফুটবল খেলতে নিপন বাসা থেকে শিমুলতলী এলাকায় স্কুলে যাচ্ছিল। লিটন বলেন, বাড়ি কয়েক বের হওয়ার পরই ৭/৮ জন কিশোরের একটি দল রড, লাঠি ও চাপাতি নিয়ে তার রিকশার গতিরোধ করে। এসময় তারা নিপনকে রিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।”

এতে নিপন জ্ঞান হারিয়ে মাটিতে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় বলে লিটন জানান।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে তার অপারেশন করা হলেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।”

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসকদের মতে আহত স্কুল ছাত্রটি বর্তমানে ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে রয়েছে।

পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এই পরিদর্শক।