২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা যেন নদী নয়, ফসলের মাঠ

রংপুরের তিস্তায় এখন টলমলে জল নয়, যেদিকে চোখ যায় সেদিকে কেবলই ফসলের মাঠ আর ধু-ধু চর।

আফতাবুজ্জামান হিরু

রংপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 06:41 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা সড়ক সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, চরের মাঝ দিয়ে বয়ে চলেছে একটি সরু খাল যেন। আবার অনেক এলাকায় জমিতে ফলছে আলু, ধান, গম, ভুট্টা, সবজিসহ নানা ফসল।

ওই এলাকার আব্দুল মতিন নামে এক চাষি বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, “চলে না আর পালতোলা নৌকা। একসময় খরস্রোতা তিস্তার বুকজুড়ে ছিল পানি আর পানি। পাল তোলা নৌকার মাঝিরা ভাওয়াইয়া গানের তালে চলে যেত দূর-দূরান্তে। সেই দৃশ্য এখন কেবলই স্মৃতি।

“সারা বছর পানি না থাকায় বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পলি-বালি জমে তিস্তা এখন মৃতপ্রায়।”

চর পড়ায় বর্ষায় সহজেই নদীতীর প্লাবিত হয় বলে জানান ওই এলাকার বাসিন্দারা।

কাউনিয়া গ্রামের মোতালেব মিয়া বলেন, “কী আর কমু ভাই। বৃষ্টির সময় হামার বাড়িঘর ছাড়ি পালানো নাগে। খরার সময় আবার আসি বাড়ি করি। চাষবাস করি। এই হল হামার জীবন।”

জরুরি ভিত্তিতে তিস্তার প্রাণ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।