মধুপুরে সোনার দোকানে ডাকাতি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সোনার দোকানে ‘১৫ লাখ’ টাকার মালপত্র ডাকাতি হয়েছে।
মধুপুর থানার ওসি মো. তারিক কামাল জানান, সোমবার রাতে পৌরশহরের মাধবী সিনেমা হল রোডে রেখা জুয়েলার্স নামে একটি দোকানে ডাকাতির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতরা নগদসহ ১৫ লাখ টাকার গয়না লুট করে নিয়ে গেছে বলে মামলায় অভিযোগ করেছেন দোকান মালিক দুর্লভ কর্মকার।
তিনি বলেন, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা সেজে বিভিন্ন রকম অলঙ্কার নেড়েচেড়ে দেখে। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওই দুই ব্যক্তি দোকানে লুটপাট শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় গাড়ির লোকজনও। বাধা দিতে গেলে তারা দোকানের কর্মচারীকে পিটুনি দেয়।
“ডাকাতরা ৩৩ হাজার টাকাসহ ১৫ লাখ টাকার গয়নাগাটি লুট করে নিয়ে গাড়িতে উঠে চলে যায়।”
ওই এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কী হচ্ছে বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটে।
ওসি তারিক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত ধরতে অভিযান চালানো হচ্ছে। চারিদিকে সোর্স লাগানো হয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার বেলা ১১টার দিকে দোকান মালিক দুর্লভ কর্মকার অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে তিনি জানান।
