২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শায়খুল হাদিস তাফাজ্জুল হকের দাফন সম্পন্ন

হবিগঞ্জে দেশের জনপ্রিয় আলেম তাফাজ্জুল হকের দাফন সম্পন্ন হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 03:31 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সোমবার সকাল সোয়া ১০টায় হবিগঞ্জ উমেদনগর টাইটেল মাদ্রাসায় তার জানাজা শেষে মাদ্রাসা মসজিদের পাশে ফুলের বাগানে তার মরদেহ সমাহিত করা হয়েছে।

মাদ্রাসার বাইরে রাস্তার প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভক্তদের তার জানাজায় অংশ নিতে দেখা গেছে। এ

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ভিড়ে হবিগঞ্জ শহরে ভোর থেকেই সৃষ্টি হয় যানজটের।

জানাজায় সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, হেফাজতে ইসলামীর আমির মাওলানা আহমেদ শফির ছেলে আসাদ মাদানী, বেফাকের সেক্রেটারি জুনায়েদ আহমদ বাবু নগরীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

গত রোববার বিকালে অসুস্থ্ হয়ে পড়লে সিলেট নেওয়ার পথে মারা যান অশীতিপর এই আলেম।

হবিগঞ্জের নুরুল হেরা জামে মসজিদসহ একাধিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। দরিদ্রদের সহায়তা প্রতিষ্ঠা করেন খুদ্দামুদ্দিন সমিতি। তার ওয়াজের দেশে বিদেশে লক্ষাধিক ভক্ত রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিশ্বের অনেক দেশ সফর করেন তিনি।

তার স্ত্রী বৃহত্তর ময়মনসিংহের বড় হুজুর হিসাবে খ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনে কালো পতাকা প্রদর্শনকারী মাওলানা আরিফে রাব্বানীর মেয়ে। তাদের পাঁচ ছেলে, চার মেয়েসহ নাতি-নাতনিদের প্রায় সবাই কোরআনে হাফেজ ও মাওলানা।