ভোলায় ‘বিরল প্রজাতির ভাইপার’ সাপ উদ্ধার
ভোলায় সবজিক্ষেত থেকে ভাইপার নামে একটি বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার করা হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।
বন বিভাগের ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, উদ্ধারের পর শুক্রবার বিকেলে চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির গহিন বনে সাপটি অবমুক্ত করা হয়।
বুধবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পণ্ডিত বাড়ি এলাকায় মো. শরিফ হোসেন নামে এক কৃষকের সবজিক্ষেতের জালে সাপটি আটকে যায়।
বন কর্মকর্তা কামরুল বলেন, স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে তারা গিয়ে ক্ষেত থেকে উদ্ধার করেন।
“পাঁচ ফুট লম্বা বিরল প্রজাতির সাপটির নাম কিলিং মেশিন ভাইপার। বিষধর সাপটি অতিগতি সম্পন্ন এবং তীব্র বিষ থাকায় সারাবিশ্বে কিলিং মেশিন ভাইপার নামে পরিচিত।”
ভোলা থেকে গত বছরও চারটি একই প্রজাতির সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।
