নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন জানান, বুধবার বিকাল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত আসলাম গাজী (৪৪) উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের ইদ্রিস গাজীর ছেলে।
পরিদর্শক ইকরাম বলেন, “একই গ্রামের কাদের মোল্লা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলে আসছে। এর জেরে সকালে গ্রামের খালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে ইদ্রিস ও তার ছেলে আসলামসহ অন্তত পাঁচজন আহত হন।
“আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক ইকরাম।
