গোপালগঞ্জে বৃষ্টিতে শীত বেড়েছে
গোপালগঞ্জে দফায় দফায় বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে।
গোপালগঞ্জে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান।
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর শীত জেঁকে বসতে শুরু করে; কমেতে শুরু করে তাপমাত্রা। এদিন গোপালগঞ্জে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্র রেকর্ড হয়।
আবু সুফিয়ান বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়। আগেরদিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা আরও কমেছে।
“শনিবার মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমে শীত বাড়বে।”
প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। গাড়ি চলাচল করলেও যাত্রী ছিলনা বললেই চলে।
প্রচণ্ড ঠাণ্ডায় একটু প্রশান্তি পেতে শীতার্তদের আগুন পোহাতে দেখা গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ। তারা কাজে বের হতে পারছেন না।
এছাড়া ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ছুটছেন। আক্রন্তদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি।
