২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের ৮ জাহাজকে জরিমানা

অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী যাত্রী পরিবহনের আট জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 10:21 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীর বিআইডব্লিউটিএ ঘাটে এ অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

“ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ও পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট না রাখায় আটটি জাহাজকে মোট দুই লাখ এক হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।”

জাহাজগুলো হল কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান, কেয়ারি সিন্দাবাদ, এমভি দোয়েল পাখি, গ্রিন লাইন-১, বে-ক্রুজ ও এমভি পারিজাত।

ইউএনও বলেন, পর্যটন মৌসুম সামনে রেখে ওই নৌপথে এ বছর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য জাহাজ চালানো শুরু হয়। আটটি জাহাজকে আগামী বছরের ৩০ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেয় নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

নিয়ম না মানলে জাহাজগুলোর অনুমতি বাতিল করা হবে বলে জানান তিনি।