২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কুমার নদের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরে কুমার নদের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 01:00 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

ফরিদপুর জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টার দিকে শহরের আলিমুজ্জামান ব্রিজের নিচে কুমার নদের পাড়ে এ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, আলিমুজ্জামান বেইলি ব্রিজের নিচে গড়ে ওঠা কাঁচা ঘর ভেঙে দেওয়া হয়।এ সময় সেখানে বসতিরা নানা অভিযোগ করতে থাকেন।

সাজেদা বেগম নিলু বলেন, “প্রায় ৩০ বছর যাবত আমরা এখানে বসবাস করছি। আমাদের কিছু না জানিয়েই সকালে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। আমরা মালামাল ঠিকভাবে সরাতেও পারিনি। এ সব গরিব পরিবারগুলোকে উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল।

লতা নামে আরেকজন বলেন, “আমি ফুটপাতে পরাটা ও চটপটি বিক্রি করি। বিভিন্ন সমিতিতে আমার কিস্তি রয়েছে। এখন এখান থেকে উচ্ছেদ হলে আমরা কোথায় যাব? কিস্তির টাকাই বা পরিশোধ করব কিভাবে?”

ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, “এখানে বসবাসকারীদের কিছু সময় দেওয়ার দরকার ছিল। এই শীতের সময় এরা কোথায় যাবে। তাদের পুনর্বাসনের ব্যাবস্থা নেওয়া হলে ভালো হতো।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “সরকারের নির্দেশে সারাদেশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে । পর্যায়ক্রমে সবক অবৈধ দখল দারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”