জামালপুরে সাংবাদিক শেলুর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
জামালপুরের সাংবাদিক শেলু আকন্দর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
শনিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে জামালপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেলু আকন্দের হামলাকারীদের শাস্তির দাবিতে দেড়ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সভায় ‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ সব আসামিদের গ্রেপ্তার, পৌর কাউন্সিলর রুনু ও তার ছেলে রাকিব খানের ব্যাংক হিসাব জব্ধসহ বিভিন্ন দাবি জানান সাংবাদিক নেতারা।
এ ঘটনায় সাংবাদিক শেলু আকন্দের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় জামালপুর পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান খান রুনু, তার ছেলে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব খান, শহরের দেওয়ানপাড়ার তুষার খান, তুহিন খান, সজল খান ও সিদ্দিক মন্ডলকে আসামি করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা বাবুল, নুরুল হক জঙ্গী, সুশান্ত কানু, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর সেলিম, মোস্তফা মনজু, জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মিন্টু, মোফাজ্জল হোসেন, সাজ্জাদ আনসারী, সৈয়দ শওকত জামান, জাকারিয়া জাহাঙ্গীর, খাদেমুল হক বাবুল, আহত সাংবাদিক শেলু আকন্দের বড় ভাই মামলার বাদী দেলোয়ার হোসেন আকন্দ প্রমূখ।
গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোস্তফা মনজুর উপর সন্ত্রাসী হামলা হয়। এ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষী শেলু আকন্দ। মামলার সাক্ষী হওয়ায় তার উপর এ হামলা হয়েছে বলে দাবি করেন শেলু।
শেলু আকন্দের ভাই দেলোয়ার হোসেন জানান, শেলুর অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন পরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যক্ষেণে রেখেছেন চিকিৎসকরা।
