কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত জলদস্যু’ নিহত
কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘তালিকাভুক্ত জলদস্যু’ নিহত হয়েছে।
বৃহস্পতিবার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের রামুর র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম।
নিহত জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মশিদুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণে মেজন রবিউল বলেন, সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত জড়ো হয়েছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।
“ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের লক্ষ্য করে দূর্বৃত্তরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক, চারটি গুলি ও একটি গুলির খালি খোসা পাওয়া যায়।”
র্যাবের এ কর্মকর্তা বলেন, “গুলিবিদ্ধ এই ব্যক্তিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মেজর রবিউল আরও বলেন, “জয়নাল আবেদীন তালিকাভূক্ত একজন চিহ্নিত জলদস্যূ। সাগরে জলদস্যুতাসহ হত্যা, অস্ত্র, অপহরণ, জবরদখল ও ডাকাতিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী ও কুতুবদিয়া থানায় ১৫টির বেশি মামলা রয়েছে।”
রবিউল জানান, এসব মামলায় জয়নাল পলাতক ছিলেন। লাশ মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, সন্ধ্যায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের নিহত জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাতের লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
