গাজীপুরে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার বন্ধু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার তাদের হাসপাতালে দুইজনকে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শরীফের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকায়।
আহত হয়েছেন তার বন্ধু আব্দুল বারেক। তার বাড়িও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকায়।
তারা গাজীপুর শহরের বোর্ডবাজার এলাকায় শহীদ মিয়ার বাড়ির ভাড়া বাসায় থেকে স্থানীয় হান্নান গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পরিদর্শক বাচ্চু হতাহতদের আত্মীয়-স্বজনের বরাতে বলেন, ১৬ ডিসেম্বর ছুটির দিনে দুই বন্ধু বিকেলে ঘুরতে যান শহরের হায়দরাবাদ এলাকায়। তারা সেখানে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন।
“ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে দুই বন্ধুই আহত হন। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।”
আহত বারেককে ওই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
