প্রতারণা: দিনাজপুর স্টেশন মাস্টারসহ ৪ জন বরখাস্ত
টিকিট নিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও দুর্নীতির অভিযোগে দিনাজপুর স্টেশনের মাস্টার ও তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল মন্ত্রণালয়।
রেলওয়ে লালমনিরহাটের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা (এডিটিও) সাজ্জাদ হোসেন জানান, রেল মন্ত্রণালয় থেকে রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বরখাস্তরা হলেন- স্টেশন মাস্টার শঙ্কর কুমার গাঙ্গুলী, ভারপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল আর মামুন, আব্দুল কুদ্দুস ও রেজওয়নুল সিদ্দিক।
বিজ্ঞপ্তিতে বলা হয় “পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও সম্প্রতি দিনাজপুর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের কোন আসন খালি নেই মর্মে কাউন্টারে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়।
“পরে সংশ্লিষ্ট রেল কর্মকর্তার অনুসন্ধানে প্রমাণ মেলে ৩ ডিসেম্বর থেকে তিন দিনের একতা, দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুই হাজার ৯০৮টি টিকিটের বরাদ্দের বিপরীতে এক হাজার ৮২১টি টিকিট বিক্রি করা হয়েছে। অবিশিষ্ট এক হাজার ১০৫টি টিকিট অবিক্রিত রাখে।”
এছাড়া কাউন্টারে টিকিট বিক্রির অতিরিক্ত টাকা মেলায় এবং যাত্রীদের সঙ্গে প্রতারণার দায়ে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে বলা হয়।
