২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির একাদশ সমাবর্তন শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন শনিবার অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 10:51 AM

Updated : 18 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহম্মেদ সিনেট ভবনে প্রশাসন আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।

এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের তিন হাজার ৪৩২ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন বলে জানান উপাচার্য।

তিনি বলেন, “সমাবর্তনকে ঘিরে সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ অন্যান্য উপ-কমিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত কাজ সম্পন্ন হয়েছে।

“নিরাপত্তার জন্য বঙ্গভবন, এসএসএফ, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সমাবর্তনের দিন আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তাকর্মী, রোভার স্কাউট, ক্যাডেট কর্পস সদস্যরা উপস্থিত থাকবেন।”

বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গ্রাজুয়েটদের সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। তারা দুপুর ১টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।

“তাদের দুপুরের খাওয়া স্টেডিয়ামের ভিতরেই ব্যবস্থা করা হবে। আমন্ত্রিত অতিথিরা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।”

আর নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দুপুর আড়াইটার দিকে বন্ধ করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় আচার্য চলে গেলে তা খুলে দেওয়া হবে বলে জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এমএ আব্দুল বারী, জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবর্তন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লুইপা ও খুর্শিদ আলম। বিশ্ব বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠান উন্মুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।