২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিকদের বেতন দাবিতে অনশন

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 09:06 PM

Updated : 10 Oct 2022, 09:43 PM

বুধবার সকালে ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুটমিলের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন জানান, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে প্রায় ৩১ হাজার শ্রমিক-কর্মচারী রয়েছেন। তাদের দুই থেকে চার মাসের বেতন বকেয়া পড়েছে।

উৎপাদিত পণ্য সময়মত বিক্রি করতে না পারায় মিলগুলো এই সংকটে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, সমস্যার কথা বিজেএমসির প্রধান কার্যালয়কে জানানো হয়েছে।

“বকেয়া মজুরি পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়ছে বলে জানতে পেরেছি। চলতি অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের 'অপ্রত্যাশিত ব্যয়' খাত থেকে ঋণ হিসেবে এ অর্থ দেওয়া হয়েছে বলে শুনেছি। অগাস্ট থেকে নভেম্বর এ চার মাসের বকেয়া পরিশোধে এ অর্থ ব্যয় করা হবে।”

তবে এ বিষয়ে এখনও দাপ্তরিক কোনো নির্দেশনা তিনি পাননি বলে জানান।