২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুতের তার ভেতরে রেখে বাড়ি নির্মাণ

চাঁদপুর পৌরসভায় বিদ্যুৎ সঞ্চালনের লাইন ভেতরে রেখেই নির্মাণ করা হয়েছে তিনতলা বাড়ি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 04:02 PM

Updated : 10 Oct 2022, 09:43 PM

বুধবার পৌরসভার চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় গিয়ে দেখা গেছে, সৌদি আরব প্রবাসী আলাউদ্দিনের তিনতলা দালানের দ্বিতীয় তলার মাঝখান দিয়ে চলে পল্লিবিদ্যুতের খোলা তার।

আলাউদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোরড টকমকে বলেন, “আমার স্বামী দেশের বাইরে থাকেন। আমি এক ঠিকাদারকে দিয়ে কাজ করিয়েছি। তাকে বিদ্যুৎ বিভাগে কথা বলে তার সরিয়ে কাজ করতে বলেছিলাম।

“ঠিকাদার আমার কথা শোনেননি। আমিও ঠিকমত তদারকি করতে না পারায় এমন পরিস্থিতি ঘটেছে। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করা ঠিক হয়নি।”

তবে তিনি ওই ঠিকাদারের নাম বলতে চাননি।

স্থানীয় বাসিন্দা সুমন ভুঁইয়া বলেন, “আমরা এ ধরনের কাজ দেখে অবাক হয়েছি। কিভাবে তারা এমন একটি কাজ করলেন তা বুঝতে পারছি না।”

ওই এলাকার শিহাব মুন্সীসহ আরও অনেকে তাদের বিস্ময় প্রকাশ করেছেন। তারা দুর্ঘটনার আশংকায় রয়েছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার নির্মাণ বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “পৌরসভার নকশা অমান্য করে বৈদ্যুতিক তার ভেতরে রেখে ওই ভবনটি নির্মাণ করা হয়েছে।”

বাড়ির মালিককে অবৈধ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল বলেন, ৪০০ ভোল্টেজের সঞ্চালন লাইন ভেতরে রেখে নির্মাণকাজ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।