ঝালকাঠিতে নারকেলের ভেতর ফেনসিডিল বহনের দায়ে একজনের যাবজ্জীবন
ঝালকাঠিতে নারকেলের ভেতর ফেনসিডিল বহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির যাবজ্জীবন দিয়েছে আদালত।
এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও দুই মাস কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত মো. আনছার আলী (৫৪) যশোরের শর্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের খোদাবক্স মিস্ত্রির ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।
এছাড়া অভিযোগ প্রামাণিত না হওয়ায় এ মামলার আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল মামলার নথির বরাতে বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় র্যাব ৮-এর একটি দল অভিযান চালিয়ে আনছার আলীকে আটক করে।
“তার ব্যাগ তল্লাশি করে চারটি খোসা ছাড়ানো নারকেলের মধ্যে আড়াই লিটার ফেনসিডিল পায় র্যাব।”
এ ঘটনায় র্যাব সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই বছর ২৭ ডিসেম্বর আনছার আলীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে আদালতে আনছার ছাড়া অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত হয়নি।
আইনজীবী আলম বলেন, আদালত সাতজনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে শুধু আনছারকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে।
