গোপালগঞ্জে উদ্ধার হয়নি প্রতিবন্ধী চালকের ইজিবাইকটি
গোপালগঞ্জে আটজনের সংসারের হাল ধরা প্রতিবন্ধী এক যুবকের ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সদর থানায় তরিকুলের ভাই ওহিদুজ্জামান মোল্লা বলেন, কয়েক জায়গায় অভিযান চালিয়েও এখনও ইজিবাইকটি উদ্ধার করা যায়নি।
জন্মের ছয়মাস পর পোলিও আক্রান্ত হয়ে ডান পা অচল হওয়া মো. তরিকুল ইসলাম মোল্লা (২৮) নড়াইলের কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের কওসার মোল্লার ছেলে। গত সোমবার গোপালগঞ্জ হাসপাতালের সামনে তাকে অজ্ঞান করে প্রতারকরা তার ‘আয়ের একমাত্র সম্বল’ ইজিবাইকটি নিয়ে যায়।
তরিকুল বলেন, “আমি পঙ্গু কিন্তু ভিক্ষা করি না। ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই।”
তার আয়ে আটজনের সংসার চলে জানিয়ে তিনি বলেন, ঋণ করে কেনা ইজিবাইকের দেনা ও এনজিওর কিস্তি কীভাবে পরিশোধ করব তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।
তরিকুলের ভাই ওহিদুজ্জামান মোল্লা জানান, জন্মের ছয়মাস পর পোলিওতে আক্রান্ত হলে তরিকুলের ডান পা অচল হয়ে যায়। তারপর থেকে সে হাঁটতে পারত না। বড় হয়ে লাঠিতে ভর দিয়ে চালাচল করছে।
প্রায় আড়াই বছর ধরে ভাড়ায় ইজিবাইক নিয়ে রোজগার করে আসছিল তরিকুল। গত ২৭ অক্টোবর স্বজনদের কাছ থেকে এবং কালিয়ার নড়াগাতী ব্র্যাক অফিস ও যোগানিয়া ব্যুরো বাংলাদেশ থেকে ঋণ নিয়ে ওই ইজিবাইকটি তরিকুল কিনেছিলেন বলে জানান তার ভাই।
“গত ২৩ নভেম্বর কালিয়া উপজেলার কালিনগর থেকে যাত্রী নিয়ে তরিকুল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে আসেন। যাত্রীবেশী প্রতারকচক্রের সদস্যরা তাকে জুস খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
“পরে তরিকুল গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফেরে।”
গত রোববার বিকেলে থানায় ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ দেওয়া হয়। সোমবার গোপালগঞ্জ সদর থানায় জানানোর পর ওসি মনিরুল বলেছিলেন, “ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক প্রতিবন্ধী তাই ইজিবাইক উদ্ধারে আমরা গুরুত্ব দিয়ে অভিযান শুরু করেছি।”
