২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় গবেষকের ‘ওয়েদার বেলুন’ উড়ে এসে পড়ল চুয়াডাঙায়

আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো একটি বেলুন চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় পড়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 02:21 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

রোববার সন্ধ্যায় দামুড়হুদার দেউলির মাঠ রাফিদ হ্যাচারির কাছ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানিয়েছেন।

Image
আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো বেলুন রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলির মাঠ এলাকায় এসে পড়ে।

আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো বেলুন রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলির মাঠ এলাকায় এসে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে দেউলি গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গমের ক্ষেতে পড়ে। বেলুনের সঙ্গে প্লাস্টিকের আদলের একটি সোলার বক্স, একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার আদলের একটি বাক্স। বাক্সের গায়ে ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে উপরের অংশ ঢাকা রয়েছে।

একটি বাক্সের গায়ে বাংলায় লেখা আছে, ‘বেলুন ফোলা অবস্থায় ধুমপান করবেন না, বক্সটিকে জলে ডোবাবেন না, লাঠি দিয়ে আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত বক্সটিতে হাত দিবেন না, বক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ, বক্সটি বিপদজনক নয়’।

Image
আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো বেলুন রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলির মাঠ এলাকায় এসে পড়ে।

আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো বেলুন রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলির মাঠ এলাকায় এসে পড়ে।

অপর বাক্সের গায়ে ‘বক্সটি খুঁজে পেলে নিকটবর্র্তী থানায় অথবা গায়ে লেখা মোবাইল নাম্বারে খবর দিন’ লেখা রয়েছে।

ওসি সুকুমার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উড়ে আসা বেলুনে দেওয়া তথ্য অনুযায়ী গবেষক পশ্চিমবঙ্গের ড. স্বন্দ্বীপ চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি উদ্ধার হওয়া যন্ত্রটি হেফাজতে রাখার অনুরোধ করেছেন।

“উড়ে আসা প্যারাসুটের সবকিছু যত্ন করে রেখে দেওয়া হয়েছে। ভারতের যারা এ গবেষণার কাজে নিয়োজিত, তারা এটি ফেরত নিতে আগ্রহী। নিয়মতান্ত্রিকভাবে তা ফেরত দেওয়া হবে।”