২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে নিখোঁজ শিশুর বালুচাপা লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর বালুচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 12:44 AM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার সন্ধ্যায় উপজেলার মীরেরবাগ বালুরমাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই এসএম ওয়াসিমুল ইসলাম।

নিহত মো. মাহিন (৮) ভোলার সদর উপজেলার চর ভেদুরিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কেরানীগঞ্জের ইকুরিয়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে ইকুরিয়া মডেল স্কুলের প্লে শ্রেণিতে পড়ত সে।

এসআই ওয়াসিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় মাহিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

রোববার ওই বালুরমাঠে স্থানীয়রা এক শিশুর বালুচাপা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

তিনি আরও বলেন, “শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য হত্যাকারীরা বালুচাপা দিয়ে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

শিশুটি নিখোঁজ হওয়ার পর কেউ মুক্তিপণও দাবি করেননি বলে নিহতের পরিবার পুলিশকে জানিয়েছেন। এছাড়াও কী কারণে তাকে কেউ হত্যা করতে পারে এ ব্যাপারে নিহতের পরিবার কোনো সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি। 

এ ঘটনায় তদন্ত চলছে ও নিহতের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ কর্মকর্তা ওয়াসিমুল জানান।