নওগাঁয় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত
নওগাঁয় ট্রাক চাপায় এক নারী ও তার ছয় বছরের মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছে।
সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন মুরতুজা জানান।
নিহতরা হলেন- নওগাঁ সদরের উল্লাসপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে আদুরী বেগম (২৫) ও তার মেয়ে সুমি (৬)।
আহতরা হলেন- আদরীর বাবা আব্দুল জলিল (৫৫) ও আদরীর আরেক মেয়ে শম্পা (১০)। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, আদরী তার মায়ের মিলাদ মাহফিলের অনুষ্ঠান থেকে বাবা ও দুই মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন।
“এ সময় নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আদরী ও তার মেয়ে মারা যায়।”
পরে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ফয়সাল।
