রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত হয় বি ইউনিটের ফল।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী এ কে শামসুদ্দোহা ও মো. একরামুল হামিদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে এ, বি, সি ইউনিটে চার হাজার ৭১৩টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা হয়।
ভর্তির শর্তানুযায়ী এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আসন সংখ্যার ১০ গুণ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে এ ফল নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উভয় ইউনিটে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে পছন্দ ফরম (সাবজেক্ট চয়েস) পূরণ করতে হবে। না করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বি ইউনিটে ২৪ নভেম্বর আর সি ইউনিটে ২৩ নভেম্বর। প্রথম তালিকায় নির্বাচিতদের ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, সাবজেক্ট চয়েস ফর্মের মুদ্রিত কপি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, এইচএসসি মূল নিবন্ধনপত্র সঙ্গে নিতে হবে।
সি ইউনিটভুক্ত প্রার্থীদের মধ্যে যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তি হতে চান তাদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশ করা হবে।
মুক্তিযোদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রম ছাত্র উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি কার্যক্রম প্রধান চিকিৎসকের দপ্তর থেকে পরিচালিত হবে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে যথাসময়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
প্রয়োজনে সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে যোগাযোগ করা যাবে: ০৭২১-৭১১২৫৫, ০১৯১৪-৩২৭১৪২। অনলাইন পছন্দক্রম ফর্ম পূরণ সংক্রান্ত কারিগরি প্রয়োজনে হেল্প লাইন: ০১৭০৩-৮৯৯৯৭৩।
