প্রধানমন্ত্রীর কাছে বাড়ির আবেদন এক পঙ্গু মুক্তিযোদ্ধার
গাজীপুরের বাসিন্দা এক ভূমিহীন মুক্তিযোদ্ধা একটি বাড়ি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা মো. হাসান আলী বুধবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান।
মুক্তিবার্তায় হাসান আলীর নম্বর ০১০৬০১০৬৫৮ এবং সাময়িক সনদপত্র নম্বর: ম-১১৪৩৩।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, স্ত্রী ও নাবালক স্কুল পড়ুয়া তিন সন্তান নিয়ে তিনি বর্তমানে অতি কষ্টে জীবনযাপন করছেন। স্বাধীনতার পর থেকে তিনি সরকারি খাস জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে কোনোরকমে জীবনযাত্রা নির্বাহ করছেন। তার কোনো ভূমি নেই। তার তিন ছেলেমেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।
বক্তব্যে তিনি বলেন, সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের জন্য যে ১২ হাজার টাকা ভাতা দেওয়া হয় সেটি ছাড়া তার আয়ের আর কোনো উৎস নেই। ছেলেমেয়েরা ও সবাই অপ্রাপ্তবয়স্ক।
বর্তমানে ওই ১২ হাজার টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানোসহ সংসার চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান হাসান।
হাসান আলী আরও বলেন, “১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছি।
“মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করলেও জীবনযুদ্ধে প্রতিনিয়ত হেরে যাচ্ছি। ২০১৭ সালে এক ব্যক্তিকে খাস জমি বা অন্য কোনো জমি বরাদ্দ পাইয়ে দেওয়ার জন্য আমার মুক্তিযুদ্ধার ভাতা থেকে অতি কষ্টে সঞ্চিত সাড়ে ৪ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছি। ওই ব্যক্তি আমাকে কোনো জমিও দেননি এবং টাকাটাও ফেরত দেয়নি।”
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একখণ্ড জমি ও তাতে বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী আয়েশা আক্তার, ছেলে নুর মোহাম্মদ আশিক, মেয়ে নুরজাহান আক্তার হাসি ও নুরুন্নাহার আক্তার মিম উপস্থিত ছিলেন।
হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলে নূর মোহাম্মদ আশিক গাজীপুর মেট্রোপলিটন কলেজে একাদশ শ্রেণিতে, বড় মেয়ে নূর জাহান আক্তার হাসি জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং ছোট মেয়ে নূরুন নাহার আক্তার মীম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
এক প্রশ্নের জবাবে হাসান আলী বলেন, বর্তমানে তিনি যে জমিতে থাকেন ওই জমি ‘ভাওয়াল রাজ কোর্ট অব ওয়ার্ডস’ এস্টেটের। জমিটুকু বরাদ্দের জন্য তিনি ভাওয়াল রাজ কোর্ট অব ওয়ার্ডস এস্টেটের কাছে আবেদন করছেন। এ ব্যাপারে এস্টেটের কর্মকর্তা জানিয়েছেন ওইসব জমির বরাদ্দ দেওয়ার কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
