২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব নিষিদ্ধে মাগুরায় বিক্ষোভ

জুয়াড়ির সাথে ম্যাচ ফিক্সিং এর কথপোকথন গোপনের দায়ে সাকিব আল হাসানের উপর আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তার জেলা মাগুরায় বিক্ষোভ হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 02:21 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্রিকেট ভক্তরা।

এর আগে মঙ্গলবার অভিযোগ ও আইসিসি দুর্নীতি দমন বিভাগের হাতে থাকা প্রমাণ তুলে ধরে সাকিব আল হাসানের উপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

ক্রিকেট নিয়ে অনৈতিক কাজে জড়িত দিপক আগারওয়ালের সঙ্গে কথোপকথনের কথা, মোবাইল থেকে তাদের মধ্যে চালাচালি করা বার্তা মুছে ফেলার এবং ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাওয়ার কথা স্বীকার করে আইসিসির দেওয়া সাজা মেনেও নেন সাকিব। মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমি মাথা পেতে নিচ্ছি।”

মাগুরায় মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাকিবের ফুফা আক্তার মিয়া, ফুফাত ভাই জাতীয় ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান উজ্জ্বল ও মাগুরা ইয়াং স্টার একাডেমির পারিচালক সৈয়দ বারিক আনজাম বার্কি।

বক্তারা অবিলম্বে সাকিবের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

বিশ্বসেরা ক্রিকেট আলরাউন্ডার সাকিব আল হাসান মাগুরা শহরেই বেড়ে ওঠেন।