২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশকে দুর্নীতিমুক্ত করতে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 07:38 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা নিরপেক্ষভাবে সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, দেশকে দুর্নীতিমুক্ত করব।”

যেখানে দুর্নীতি সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাই দুর্নীতি উপড়ে ফেলতে আমরা সবাই সচেষ্ট থাকব। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন তা নিশ্চিত করব।”

সকালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।  

যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না বলে সতর্ক করেন মন্ত্রী মোজাম্মেল।

যারা বিপথগামী হয়েছে প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত তিনি [প্রধানমন্ত্রী] তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। এটা যেমন নিজের দলের প্রতি মেসেজ, তেমনি অন্যান্যদের জন্যও মেসেজ।”

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এম পি শামসুন নাহার ভূঁইয়া, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান প্রমুখ।