গাজীপুরে পল্লী বিদ্যুৎকর্মীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫
গাজীপুরের শিববাড়ী এলাকা থেকে এক পল্লী বিদ্যুৎকর্মীকে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ১-এর কোম্পানি কমান্ডার আব্দল্লাহ আল মামুন শুক্রবার গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার দেবহাটা এলাকার আজহার রহমানের ছেলে শাহিন আলম (৩০), শেরপুরের শ্রীবর্দী থানার বেলুয়া এলাকার বেলাল মিয়ার ছেলে সোহেল (২৫), টাঙ্গাইলের মির্জাপুর এলাকার রবিচন্দ্র দাসের ছেলে সঞ্জয় কুমার দাস (১৯), সোহেলের স্ত্রী সাহিদা বেগম (২৫) ও ময়মনসিংহের ধোবাউড়া ঘুষগাঁও এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরী।
র্যাব কর্মকর্তা মামুন সংবাদ সম্মেলনে বলেন, হারুন-অর-রশিদ নামে এক পল্লী বিদ্যুৎকর্মী ২৩ অক্টোবর গাজীপুরের শিববাড়ী এলাকা থেকে অপহৃত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নলজানী এলাকায় অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অবস্থান করার সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়।
“পরিবারের লোকজন র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পে আইনগত সহযোগিতা চাইলে র্যাব সদস্যরা ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, ১০০ টাকা মূল্যের তিনটি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।”
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মামুন।
