২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাজারের পাশেই মন্দির, ২৪২ বছরের সৌহার্দ্য

বগুড়ায় পাশাপাশি গড়ে ওঠা এক মন্দির ও মাজারে প্রায় আড়াইশ বছর ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করলেও কোনো দ্বন্দ্ব-সংঘাত হয়নি বলে জানালেন সংশ্লিষ্টরা।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 02:24 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

শহরের করতোয়া নদীর পাশে ফতেহ আলী বাজার। বাজারে ঢোকার পর ২০ গজ দূরে ‘শাহ্ সুফি ফতেহ আলী (রা.) অসকারীর’ মাজার ও আনন্দময়ী কালী মন্দির।

প্রতিদিন সেখানে কয়েকশ’ ভক্ত মাজার জিয়ারত ও মন্দিরে পূজা করতে ভিড় জমান।

‘৫৬ বছর ধরে’ ফতেহ আলী মাজারের খাদেমের দায়িত্ব পালন করে আসা মো. হায়দার আলী খতিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমার বাপ-দাদারা বংশানুক্রমে এই মাজারের খাদেম ছিলেন।

পাশাপাশি দুই বিশ্বাসের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম অনুশীলন করে আসার কথা বলতে গিয়ে তিনি বলেন, “সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার ধ্বনিতে আমাদের কোনো সমস্যা হয় না।

“হিন্দু সম্প্রদায়ের লোকজনও কালী মন্দিরে পুজো দিয়ে মাজারে সালাম করে যান।”

কোনো দিন মন্দিরের পুরহিত বা পূজারীদের সাথে মাজারে আসা ভক্ত এবং মাজারের লোকজনের কটূ কথা হয়নি বলে দাবি করেন তিনি।

১৭৭৭ সালে এই সাধকের মৃত্যুর পর সেখানে তার কবরটি ফতেহ আলী মাজার নামে পরিচিতি পায় বলে ‘ইসলামিক কালচারাল এন্ড ফিচার সার্ভিস-এর এক প্রকাশনায় আব্দুর রহিম বগরা লিখেছেন।

ওই এলাকার নাম আগে ‘কুণ্ডুপাড়া ছিল।’ সেখানে ‘হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশি’ বাস করতেন। সেখানে আনন্দময়ী কালি মন্দিরে বাপ-দাদার আমল থেকে বংশানুক্রমে পৌরহিত্য করছে শ্রী জয়রাম পাণ্ডের পরিবার।

জয়রাম বলেন, “পূর্বপুরুষদের কাছ থেকেও শুনিনি উপাসনা নিয়ে কখনও মাজারের ভক্তদের কিংবা তাদের লোকজনদের সাথে দুকথা হয়েছে।

“একদম পাশাপাশি দুই ধর্মের দুইটি পূণ্যস্থান, তবু কখনও মাজারের জিকির আসকারে পুজারিরা এবং আমি বিব্রতবোধ করিনি।

“মিলেমিশে যার যার ধর্ম আমরা পালন করে আসছি।”

এলাকার ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি জানান, এলাকাটিতে আগে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাস করত।

“শুনেছি মন্দির এবং মাজার নাকি কাছাকাছি সময়েই হয়েছে। মন্দির ও মাজার নির্মাণের সময়ও কোনো দ্বন্দ্ব হয়নি।”

প্রতি বছর এই মন্দিরে ধুমধাম করে কালী পুজো হয় জানান তিনি।

“তাতে কখনও মাজারের লোকজন বিরক্ত বোধ করেনি। আমরা মিলেমিশে যার যার ধর্ম পালন করছি।“

মন্দিরে যেমন কালি পূজা হয়, তেমনই ‘শাহ্ সুফি ফতেহ আলী (রা.) অসকারীর’ মৃত্যু দিবস ২২ বৈশাখে সেখানে হাজারো ভক্ত জিকির করেন। তখন খাবার বিতরণও করা হয় সবার মাঝে।

মাজারের খাদেম হায়দার আলী বলেন, “ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও আসেন।

অতীতে বগুড়া সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত ছিল বলে মনে করেন প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম বগরা। তা বোঝাতে গিয়ে তিনি জানান, দেশ বিভাগের পর বগুড়া জেলা মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন বাচ্চু মারোয়ারি ও জেলা কমিটির নেতা ছিলেন ফটিক কুণ্ডু-তারা দুজনেই হিন্দু ছিলেন।

ভোলার বোরহানউদ্দিন, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার মত রাজনৈতিকসহ বিভিন্ন উদ্দেশ্যে ভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা ঘটার নজির এ জেলাতেও রয়েছে। 

ষাটের দশকে বগুড়ায় চিত্রশিল্পী হেমেন লাহীড়ীর খুন,’৯১-এ বেলতলা দূর্গা মন্দিরসহ বগুড়ার বিভিন্ন মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং ২০০১ এ নির্বাচনের পর হিন্দুদের উপর হামলার নজির তুলে ধরেন বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ।

তবে তিনি বলেন, “এ জেলাতেও হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটলেও ফতেহ্ আলী বাজারে মাজারের সাথে লাগানো মন্দিরে কোনো হামলা হয়নি।”

এই মন্দিরে কুষ্টি গণনা করাতে চেলোপাড়া থেকে সবিতা দেবী এবং ধর্মীও কিছু বিষয় জানতে এসেছিলেন নন্দ দাস।

নন্দ দাস বলেন, “পাশাপাশি মাজার থাকলেও আমাদের মন্দিরে কোনো সমস্যা হয় না।”

মাজার জিয়ারত করে বেরিয়ে আসা রহমান নগর এলাকার সায়েদ আলী বলেন, “অনেকবার মাজারে এসেছি। কিন্তু কখনও মাজার ও মন্দিরের ভক্তদের মাঝে কোনো খারাপ সম্পর্ক দেখিনি।

“মাজার জিয়ারত করে কেউবা পূজারীদের সাথে কুশল বিনিময় করে, আবার পুজোর শেষে বের হয়ে কেউবা মাজারের ভক্তদের সাথে মতবিনিময় করে, এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। “