২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়েছে ১৫ ঝুট গুদাম, দুই ফায়ারম্যান আহত

গাজীপুরে আগুন লেগে ১৫টি ঝুটের গুদাম পুড়ে গেছে; আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর দুই সদস্য।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 12:48 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে লাগা এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আহতরা হলেন টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাসুদ রানা ও মো. এরশাদ।

তাদের মধ্যে মাসুদকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং এরশাদকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লেগে দ্রুত তা আশেপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৫টি ঝুট গুদাম ও মালামাল পুড়ে যায়।”

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হন বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

আতিকুর বলেন, “আগুনে একটি গুদামের দেয়াল গরম হয়ে ধসে ফায়ারম্যান মাসুদ রানার উপর পড়লে তার এক হাত ভেঙ্গে যায়। আর এরাশাদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে।”

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।